ফেনী পৌরসভা নির্বাচন ১৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনে মেয়র পদপ্রার্থী ফারুক হারুনের মনোনয়নপত্র কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ১৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি ফেনী পৌরসভার ভোট গ্রহণের তারিখ।জানা যায়, ফেনী পৌরসভায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী ফারুক হারুন সেখানে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলার আসামি ছিলেন। কিন্তু তিনি নির্বাচনী হলফনামায় এ তথ্য দেননি। হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ফেনী জেলা ছাত্রদলের সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির নির্বাচন কমিশনে আবেদন করেন। তা কমিশন খারিজ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে সাব্বির হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানির পর আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত ১৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন স্থগিত করে ওই দিন শুনানির দিন ধার্য করেছেন।সাঈদ আহমেদ বলেন, এর ফলে এ সময় পর্যন্ত ফেনীতে নির্বাচনের কার্যক্রম স্থগিত থাকবে।