ফেনী বিডিআর বিদ্রোহ: ৫৮ জওয়ানের অভিযোগ স্বীকার
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করের ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আজ সোমবার লিখিতভাবে স্বীকার করেছেন আরও পাঁচজন বিডিআর জওয়ান। এ নিয়ে মোট ৬২ জন অভিযুক্তের মধ্যে ৫৮ জন জওয়ান লিখিতভাবে বিদ্রোহে জড়িত থাকার কথা স্বীকার করলেন।আজ সকাল সাড়ে নয়টায় বিচারকাজ শুরু হয়। সকাল থেকে বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। দোষ স্বীকার করা প্রত্যেক বিডিআর জওয়ান আলাদাভাবে দোষ স্বীকার করে নিজেদের লিখিত বক্তব্য আদালতে পেশ করেন। এক ঘণ্টা বিরতি দিয়ে বেলা দুইটা ৩০ মিনিটে বিচারকাজ আবার শুরু হয়েছে।ফেনীর জায়লস্কর থানার ১৯ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে এ বিচার কার্যক্রমের সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। বিডিআর সূত্র জানায়, বিচারকাজে সহযোগিতা করছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফরহাদ আহমদ, দুই বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম।এ ছাড়া বিচারকাজ পর্যবেক্ষণের জন্য কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মির্জা এজাজুর রহমান, ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদসহ কাছের বিডিআর ইউনিটগুলোর পদস্থ কর্মকর্তারা আদালতে উপস্থিত রয়েছেন।