ফেনীতে চালককে হত্যা করে ট্যাক্সি ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পুলিশ গতকাল মঙ্গলবার রাতে মো. ইব্রাহিম (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি সিএজিচালিত ট্যাক্সি চালাতেন। ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের চৌধুরী সড়ক থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁকে হত্যা করে ট্যাক্সিটি ছিনতাই করেছে।নিহত ইব্রাহিম ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা আদর্শ গ্রামের আবুল হোসেনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঁশপাড়া চৌধুরী সড়কে গতকাল রাতে একজনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ছাগলনাইয়া থানার পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় চালকের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, যাত্রীবেশী ছিনতাইকারীরা গতকাল রাতে ফেনী থেকে ছাগলনাইয়া যাওয়ার পথে চালককে হত্যা করে গাড়িটি নিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।