ফেনীতে চেয়ারম্যান প্রার্থীসহ গ্রেপ্তার ছয়
ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটায় পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ফাজিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।ফাজিলপুরসহ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সকাল থেকে ভোট গ্রহণ চলছে।গ্রেপ্তারকৃতেরা হলেন, চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন, তাঁর দুই ছেলে সৈয়দ মোহাম্মদ সাইফুল আলম, সরোয়ার আলম তানভীর, ভগ্নিপতি শাহজাহান, ভাই নুরুজ্জামান ও সমর্থক ইমাম উদ্দিন। তাঁরা এখন থানা হাজতে রয়েছেন।বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেন গতকাল দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ওপর হামলার অভিযোগে ফেনী মডেল থানায় রুহুল আমিনসহ ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গতকাল দিবাগত মধ্যরাতে রুহুল আমিনের সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়েছে।তবে থানা হাজতে রুহুল আমিন পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ‘গত কয়েক দিন ধরে এসআই মনির হোসেনের ছত্রছায়ায় তাঁর প্রতিপক্ষের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা করছিল এবং হুমকি দিচ্ছিল। গতকাল রাতে তারা আমার বাড়িতে হামলার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসে। সেখানে পুলিশের ওপর কোনো হামলা হয়নি।’ ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের এবং গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রুহুল আমিনে লোকজন পুলিশকে লক্ষ্য করে চার থেকে পাঁচটি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে শটগান থেকে দুটি ফাঁকা গুলি করে। তবে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন তাঁর সমর্থকদের পক্ষ থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন।