ফেনীতে জয়নাল আবদিনের বিরুদ্ধে মামলা
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিনের বিরুদ্ধে আজ মঙ্গলবার ফেনীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মানহানির মামলা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে অসত্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এ মামলা দায়ের করেন।মামলার আরজিতে বলা হয়, জয়নাল আবদিন গত শুক্রবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যাবসা করেন বলে মিথ্যা অপপ্রচার চালান। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ঐতিহ্যসহ দেশের আপামর জনতার মনে বিরূপ ধারণার জন্ম হয়। পাশাপশি উত্তেজনাও সৃষ্টি হয়েছে। এমন উত্তেজনা সৃষ্টি করাই আসামির মুখ্য উদ্দেশ্য ছিল।মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আহসান কবীর ওরফে বেঙ্গল জানান, জয়নাল আবদিনের বক্তব্যে সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্নসহ ১০০ কোটি টাকার মানহানি হয়েছে।