ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই সহোদর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। উপজেলার চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামে গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মামুন ও জহির দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে। একই ঘটনায় গণপিটুনিতে আহত হয়েছে রবিন নামের অপর এক সন্দেহভাজন ডাকাত। এদিকে ফেনী সদর উপজেলার যাত্রাসিদ্ধি গ্রামে শনিবার দিবাগত রাতে পৃথক এক ডাকাতির ঘটনায় ডাকাতদের অস্ত্রের আঘাতে সিরাজুল ইসলাম নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পশ্চিম চর দরবেশ গ্রামের জাহিদুল হকের বাড়িতে শনিবার দিবাগত রাতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার সামগ্রী লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এ সময় ডাকাতদের ধরতে এগিয়ে আসার জন্য গ্রামবাসীর প্রতি গ্রামের মসজিদ থেকে আহ্বান জানানো হয়। গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে প্রায় দেড় কিলোমিটার দূরে কাজিরহাট স্লুইসগেটের পাশে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। গণপিটুনিতে আহত তিন জনকে মুমূর্ষু অবস্থায় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুন ও জহিরকে মৃত ঘোষণা করেন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম বলেন, ডাকাতি শেষে পালানের সময় গ্রামবাসীর গণপিটুনিতে দুজন নিহত ও একজন আহত হয়। ডাকাতির ঘটনায় গৃহকর্তা জাহিদুল হক বাদী হয়ে মামলা করেছেন। এ ছাড়া গণপিটুনিতে দুজনকে হত্যার ঘটনায় গ্রামপুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা করেছে।এদিকে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। একদল সশস্ত্র ডাকাত ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা সিরাজ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ডাকাতরা আলমারি ভেঙে নগদ এক লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহত সিরাজ মিয়াকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।