ফেনীতে ডাকাতদের হামলায় তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গতকাল শুক্রবার রাতে জনৈক পলাশ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়। উপজেলার লেমুয়া ইউনিয়নের ভাঙ্গার তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত দুইটার দিকে পলাশ মিয়ার বাড়িতে ১৪-১৫ জন ডাকাতের দল হানা দেয়। এ সময় তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবার হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। ডাকাতি শেষে বেরিয়ে যাওয়ার সময় ওই বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার (৩২), মাহবুব (৩০) ও কাইয়ুম (২৪) নামের তিন গ্রামবাসী আহত হয়। এঁদের মধ্যে আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। পলাশ মিয়ার পরিবারের দাবি, ডাকাত দল প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে পুলিশ এ ব্যাপারে কিছু বলেনি।ফেনী সদর থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির জানান, ডাকাতির চেষ্টাকালে একজন আহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি।