ফেনীতে দুজনের লাশ উদ্ধার
ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের খালের পাশ থেকে পুলিশ আজ শুক্রবার সকালে দুটি লাশ এবং এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে। গতকাল এ ঘটনাস্থলের অদূরে আরেকটি স্থান থেকে আরেক আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।নিহত ব্যক্তিরা হলেন—জেলার সোনাগাজী উপজেলার সমপুর গ্রামের তাজুল ইসলাম প্রকাশ ওরফে তাজু ডাকাত (৩৫) ও মঙ্গলকান্দি গ্রামের নূরনবী (৩০)। আহতেরা হলেন—সোনাগাজী উপজেলার পশ্চিম আহম্মদ গ্রামের আরিফ হোসেন (২০) এবং ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের লিটন (৩০)। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ দৌলতপুর গ্রামে যায়। সেখানকার খালের পাশ থেকে পুলিশ আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে। এরপর পুলিশ জানতে পারে, ওই ঘটনাস্থল থেকে আরেকটু দূরে খালের পাশে দুজনের মৃতদেহ পড়ে আছে। আজ ভোরে পুলিশ তাজুল ও নূরনবীর লাশ উদ্ধার করে। একই স্থান থেকে আহত অবস্থায় লিটনকে উদ্ধার করা হয়। আহত দুজনকে পুলিশ হেফাজতে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন লিটন সাংবাদিকদের বলেন, তাঁকে জনৈক তোতা গতকাল রাতে বাড়ি থেকে ডেকে কাজ আছে বলে মোহদিয়া গ্রামে নিয়ে যায়। সেখানে তাঁকে একটি বাড়িতে আটক করে মারধর করে এবং গাছের সঙ্গে বেঁধে রাখে।জেলার পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, কোনো ডাকাত দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে অথবা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় সোনাগাজী থানায় মামলা হয়েছে।