ফেনীতে পিকেটারদের ধাওয়ায় অটোরিকশার চালকের মৃত্যু
ফেনীতে আজ বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর হরতাল চলাকালে পিকেটারদের ধাওয়া খেয়ে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশার একজন চালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. ইমন (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামে। বাবার নাম জামাল উদ্দিন। ইমন তাঁর মা-বাবার একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে হরতাল চলাকালে তিন-চারজন যাত্রী নিয়ে ফেনী শহর থেকে ট্রাংক রোড হয়ে শর্শদি যাচ্ছিলেন অটোরিকশাচালক ইমন। পথে ফেনী-কুমিল্লা সড়কের আদালতপাড়ার কাছাকাছি স্থানে পৌঁছালে জামায়াত-শিবিরের পিকেটাররা তাঁর অটোরিকশা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। ঘটনাস্থল থেকে পালানোর জন্য অটোরিকশার গতি বাড়িয়ে দেন ইমন। এ সময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে তাঁর অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ইমন ও অটোরিকশার যাত্রীরা আহত হন। গুরুতর আহত অবস্থায় ইমনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর মারা যান তিনি। আহত যাত্রীদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা প্রথম আলো ডটকমকে জানান, ইমনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মায়নুল আফসার জানান, এক অটোরিকশাচালকের মৃত্যুর খবর তিনি শুনেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।