ফেনীতে পুলিশ-শিবির সংঘর্ষ, ৪ পুলিশসহ আহত ১৪
ফেনীতে আজ বৃহস্পতিবার সকালে ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে পুলিশ ও শিবিরকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পুলিশ সদস্যসহ ১৪ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি তাজা ককটেলসহ জামায়াত-শিবিরের নয়জন কর্মীকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে আজ ভোর থেকেই ফেনী শহরের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালান শিবিরের কর্মীরা। শহরের বিভিন্ন এলাকায় তাঁরা অন্তত ২০ থেকে ২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটান।সকাল থেকেই শিবিরকর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, মহিপাল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রামপুর রাস্তার মাথা, মদিনা বাসস্ট্যান্ড এলাকা, ফালাহিয়া মাদ্রাসা এলাকা, গুদাম কোয়ার্টার রেলগেটসহ বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড ঝটিকা মিছিল করেন। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটান এবং টায়ার ও কয়েকটি টমটম ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন।শহরের ভূঞাবাড়ি সড়কে সকাল সাড়ে নয়টার দিকে শিবিরকর্মীদের পিকেটিংয়ে বাধা দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করলে জামায়াত-নিয়ন্ত্রিত জামেয়াতুল আল ফালাহিয়া মাদ্রাসায় আশ্রয় নেন তাঁরা। মাদ্রাসার ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়েন শিবিরকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে মাদ্রাসার হোস্টেলের দরজা ভেঙে জামায়াত-শিবিরের পাঁচজন কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে আরও চারজন শিবিরকর্মীকে আটক করা হয়েছে।জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে পুলিশের চারজন কনস্টেবল আহত হয়েছেন। এ ছাড়া নয়জন শিবিরকর্মীকে পাঁচটি ককটেলসহ আটক করা হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ফালাহিয়া মাদ্রাসা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪০টি শটগানের গুলি ও সাতটি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম সামছুদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, গুলিবিদ্ধ দুজনসহ তাঁদের মোট ১০ জন কর্মী আহত হয়েছেন। নিরাপত্তা রক্ষায় শহরে পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।