ফেনীতে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরের সংঘর্ষে দুজন উপপরিদর্শকসহ (এসআই) অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে। আজ বুধবার বিকেলে ফেনীর ট্রাংক রোডের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন ফেনী থানার এসআই জাহাঙ্গীর আলম ও তৈমুর। এ ছাড়া অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হওয়া শিবিরের ওই কর্মীর নাম জুলফিকার হায়দার (২২)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের গ্রেপ্তারের এক বছর পূর্তি আজ। তাঁদের মুক্তির দাবিতে বিকেলে শহরের ট্রাংক রোড কোর্ট মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ মিছিলে বাধা দিলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ ধাওয়া করে জুলফিকার হায়দার মাসুদ (২২) নামে শিবিরের এক কর্মীকে আটক করে।জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু ইউছুফ অভিযোগ করেন, পুলিশ বিনা উসকানিতে জামায়াত-শিবিরের মিছিলে বাধা দেয় ও হামলা করে। এতে তাঁদের আটজন কর্মী আহত হয়েছেন। তিনি পুলিশের ওপর হামলার কথা অস্বীকার করেন।ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. এয়াকুব আলী মিয়া পুলিশের দুই এসআই আহত হওয়া এবং শিবিরের এক কর্মী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।