ফেনী পৌরসভা মিলনায়তনে গতকাল শুক্রবার যুবলীগের কর্মীরা জেলা যুবলীগের দুই যুগ্ম আহ্বায়ককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ কর্মীরা মিলনায়তনে আয়োজিত প্রতিনিধি সভার চেয়ার-টেবিল ভাঙচুর করে সভা পণ্ড করে দেন। জেলা যুবলীগের আহত যুগ্ম আহ্বায়কেরা হলেন, ফেনী পৌরসভার কাউন্সিলর এম সাখাওয়াত হোসেন ও এম শাহজাহান।মারধরের বিষয়টি অস্বীকার করে যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন যুবক প্রতিনিধি সভায় হামলা ও ভাঙচুর করে সভা পণ্ড করেছে। তবে আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়নি।’ প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে ফেনী জেলা যুবলীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের প্রতিনিধি সভা আহ্বান করা হয়। বেলা ১১টায় সভা শুরুর পরপর বিভিন্ন এলাকার কর্মীরা জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের নানা ধরনের প্রশ্ন করতে শুরু করেন। কর্মীরা জানতে চান, ৯০ দিনের জন্য গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ সাত বছর পরও বৈধ আছে কি না। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে জেলা আহ্বায়কদের ব্যর্থতার কথা তুলে ধরা হয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা হইচই শুরু করে সভার চেয়ার-টেবিল ভাঙচুর করেন। তাঁরা যুবলীগের নেতা শাখাওয়াত ও শাহজাহানকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে আহত করেন। এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক ও ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম আজাহারুল হক আত্মরক্ষার্থে মিলনায়তনের পাশের অন্য একটি কক্ষে গিয়ে আশ্রয় নেন। এতে পণ্ড হয়ে যায় প্রতিনিধি সভা। খবর পেয়ে ফেনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা যুবলীগের আহ্বায়ক ও আহত দুই যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জয়নাল হাজারীর অনুসারী। অপরদিকে যাঁরা সভায় হইচই, ভাঙচুর ও সভা পণ্ড করেছেন তাঁরা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিজাম হাজারীর অনুসারী হিসেবে পরিচিত। এ ব্যাপারে বক্তব্য নিতে নিজাম হাজারীর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া গেছে। সভা পণ্ডের খবর পেয়ে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম ও আতাউর রহমান ফেনী শহরের মহিপালে সরকারি সার্কিট হাউসে গিয়ে ওঠেন। পরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা নিজাম হাজারী, জেলা যুবলীগের আহ্বায়ক ও জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় নেতারা আগামী ২১ অক্টোবর চট্টগ্রামে ’৭১-এ মানবতাবিরোধীদের বিচারের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানান।জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য জাহাঙ্গীর আদেল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ৯০ দিনের জন্য গঠিত আহ্বায়ক কমিটি আজ সাত বছর বহাল তবিয়তে থেকে নিজেদের খেয়ালখুশিমতো কাজ করছে। বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বার বার আহ্বায়ক কমিটি করছে এবং বিলুপ্ত করছে। ফেনী সদর থানায় সম্মেলন হয়নি ১৪ বছর, ফেনী পৌরসভার সম্মেলন হয়নি ১৮ বছর। এ কারণে কর্মীরা ক্ষুব্ধ হয়ে যান।জেলা যুবলীগের আহ্বায়ক এম আজাহারুল হক প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কমিটি যখন চাইবে তখনই জেলা সম্মেলন হবে। তখন তিনি নিজেও সভাপতি পদের জন্য প্রার্থী হবেন। তিনি অভিযোগ করেন, জেলা প্রতিনিধি সভায় বেশ কিছু বহিরাগত যুবক হামলা ও ভাঙচুর করেছে। তাদের সঙ্গে দুই যুগ্ম আহ্বায়কের ধস্তাধস্তি হয়েছে।