ফেনীতে বগি লাইনচ্যুত, ১৫ ঘণ্টা পর রেল চলাচল শুরু
প্রায় ১৫ ঘণ্টা পর আজ রোববার সকাল সাড়ে নয়টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। ফেনীর ফাজিলপুরে গতকাল রাত সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হলে এই দুই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে আজ সকাল সাড়ে নয়টায় আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।ফেনী রেলস্টেশন মাস্টার বি কে বিশ্বাস প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেনের পাঁচটি বগি ফেনীর ফাজিলপুর স্টেশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। রাতেই চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ ১৫ ঘণ্টা পর আজ সকাল সাড়ে নয়টায় ট্রেন চলাচল আবার শুরু হয়। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলের উভয় পাশে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর-গোধূলি এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস, সুবর্ণা এক্সপ্রেস, তুর্ণা-নিশিতা, ঢাকা মেইল, ঢাকাগামী নিশিতা, মেঘনা এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস ও সাগরিকা এক্সপ্রেস আটকা পড়ে। ট্রেনগুলোয় আটকা পড়া যাত্রীকে রাতভর চরম দুর্ভোগ পোহাতে হয়।