ফেনীতে বিডিআর বিদ্রোহ মামলা: রায় ১৮ এপ্রিল
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে ১৮ এপ্রিল। আজ সোমবার বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ তারিখ ধার্য করেন। একই সঙ্গে আদালতের কার্যক্রম ১৮ এপ্রিল বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সকাল সাড়ে আটটায় আদালতের কার্যক্রম শুরু হয়ে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত চলে। বিডিআরের কৌঁসুলি ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের দোষ স্বীকার সমাপ্ত হয়েছে। আজ ৪০ জন আসামি তাঁদের দোষ স্বীকার করে লিখিত ও মৌখিক বক্তব্য দেন। এ সময় তাঁরা পারিবারিক ও ব্যক্তিগত নানা অসুবিধার কথা বলে কান্নায় ভেঙে পড়েন এবং চাকরিতে পুনর্বহালের আবেদন জানান। আদালতে বিডিআরের মহাপরিচালক ছাড়াও লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম বিচারকের দায়িত্ব পালন করেন। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ হোসেন। প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে ফেনীর জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানেরাও বিদ্রোহ করেন। এ অভিযোগে গত ২০ ডিসেম্বর ১৯ রাইফেল ব্যাটালিয়নের ৬২ জন বিডিআর জওয়ানের বিচার শুরু হয়। গত ২৪ জানুয়ারি ৬২ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁদের মধ্যে ৫৮ জন জওয়ান দোষ স্বীকার করেন।