ফেনীতে বিডিআর বিদ্রোহ: সর্বোচ্চ সাজা ৪ জনের, খালাস ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করের ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার দায়ে চারজন জওয়ানের প্রত্যেকের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মোট ৬২ জন আসামির বাকি ৫৩ জনকে চার মাস থেকে সাড়ে চার বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের সভাপতি বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। গত ২৯ মার্চ আদালতে যুক্তি-প্রমাণ উপস্থাপন শেষে আদালতের সভাপতি রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। রায় ঘোষণা উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরের ভেতরে-বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সকালে পুলিশ ও র্যাব সদস্যদের কড়া পাহারায় ফেনী কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। গতকাল শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন জানান, গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের সমর্থনে ফেনীর দাগনভূঞার ১৯ রাইফেল ব্যাটালিয়নে ২৬ ফেব্রুয়ারি সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার সুবেদার জালাল আহমেদ বাদী হয়ে ৬২ জন জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে শৃঙ্খলা ভঙ্গ, বেআইনিভাবে অস্ত্র ও গোলা-বারুদ দখলে নিয়ে গুলিবর্ষণ, ঢাকা-নোয়াখালী সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া, পাগলাঘণ্টা বাজানো, বিডিআর কর্মকর্তাদের ধাওয়া করা, বিডিআর মহাপরিচালকের ছবি ভাঙচুর ও বিদ্রোহ সংঘটনে সহযোগিতার অভিযোগ আনা হয়।প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর এ মামলার বিচার শুরু হয়। ২১ ডিসেম্বর ওই ৬২ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন এবং ২২ ডিসেম্বর অভিযোগগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। ২৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৪ ও ২৫ জানুয়ারি অভিযুক্তদের মধ্যে ৫৮ জন তাঁদের দোষ স্বীকার করেন। ওই সময় আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে ২৮ মার্চ আদালতে আরও আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মোট ৩১ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের কৌঁসুলি ও ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন মামলার অভিযোগ প্রমাণের জন্য আর সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নেই বলে আদালতকে অবহিত করেন। ২৮ ও ২৯ মার্চ—এ দুই দিনে ৫৮ জন বিডিআর জওয়ান আবারও তাঁদের অপরাধ স্বীকার করে মৌখিক ও লিখিত বক্তব্য পেশ করে তাঁদেরকে চাকরিতে পুনর্বহালের আবেদন জানান। এ ছাড়া নির্দোষ দাবিদার চারজন বিডিআর জওয়ানের মধ্যে দুজনের পক্ষে তিন ব্যক্তি সাফাই সাক্ষ্য প্রদান করলেও বাকি দুজনের পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না।