ফেনীতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ১
ফেনীর ফুলগাজী উপজেলায় আজ সোমবার ভোরে বোমা বানানোর সময় বিস্ফোরণে বাদশা (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামে এ সময় আবু তাহের (২৯) নামের অপর এক যুবক আহত হন।পুলিশ জানায়, আজ সকালে বোমা বিস্ফোরণে আহত দুই যুবক বাদশা ও তাহেরকে কে বা কারা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি বেসরকারি হাসপাতালের সামনে ফেলে যায়। খবর পেয়ে ফেনী থানার পুলিশ তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক বাদশাকে মৃত ঘোষণা করে। পুলিশ জানায়, বাদশা ফেনী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের শাহ আলমের ছেলে। বোমায় তাঁর দুটি হাতের কবজি উড়ে যায়। বুক ও মুখ পুরোটাই ঝলসে যায়। আহত আবু তাহের চট্টগ্রামের ভুজপুর থানার হেঁয়াকো গ্রামের আবদুস সাদেকের ছেলে। তিনি সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। আবু তাহের জানান, তিনি রিকশাচালক। নিহত বাদশা তাঁর ভায়রা ভাই। গতকাল রোববার রাতে বাদশা চট্টগ্রাম থেকে বেড়াতে আসেন। রাত ১২টার দিকে বাদশা তাঁকে নিয়ে শহরের একাডেমী হাইস্কুলের পাশে ফারুক হোটেলের সামনে যান। সেখান থেকে একটি মাইক্রোবাসে করে জামমুড়া গ্রামে যান। সেখানে আরও দুই-তিনজন ছিলেন। তিনি জানান, বাদশা বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মারা যান। নিহত বাদশার স্ত্রী মরিয়ম আক্তার ওরফে মুন্নীর দাবি, গতকাল রাতে তাঁর স্বামীকে জনৈক জাহিদ বাসা থেকে ডেকে নিয়ে যায়। সকালে তিনি তাঁর মৃত্যুর খবর পান।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যে করা জড়িত তাদের খুঁজে বের করা হবে। প্রসঙ্গত, কাল মঙ্গলবার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন ধার্য আছে।