ফেনীতে যুবলীগের হামলায় বিএনপির সাংসদ লাঞ্ছিত
ফেনীর সোনাগাজীতে গতকাল শনিবার রাতে একুশের প্রথম প্রহরে যুবলীগের কর্মীদের হামলায় ফেনী-৩ আসনের সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন লাঞ্ছিত হন। এ সময় ১০-১২ জন আহত হয়।আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল, উপজেলা যুবদল সদস্য ইউ এস দুলাল, এনাম, আরিফ, মকবুল ও সিরাজুল হক। তাঁদের মধ্যে দুলালকে সোনাগাজী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের নবনির্মিত শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক নূরুল আবসার ও কয়েকজন যুবলীগ কর্মী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেন ফুল দিলেও যুবলীগ কর্মীরা ফুলের মালাটি নিয়ে রাস্তায় ছিঁড়ে ফেলে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, ‘বিনা উসকানিতে যুবলীগের কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন বলেন, ‘উচ্ছৃঙ্খল একদল যুবক এ ঘটনা ঘটিয়েছে। এদের সঙ্গে আওয়ামী যুবলীগের কোনো সম্পর্ক নেই।’