ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের জিএ একাডেমি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্ররা তিনটি বাসে আগুন ধরিয়ে দেন এবং ২৫-৩০টি গাড়ি ভাঙচুর করেন। ফেনী শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ রোববার দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (২১) নামে ওই কলেজছাত্র মারা যান। আহত হন দুই জন। সালাউদ্দিন ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত জাকির হোসেন মিল্লাত ও জিকো ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে শহরের জিএ একাডেমি এলাকায় গ্রিন টাউন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাস ও মোটরসাইকেলে আগুন লেগে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সালাউদ্দিন মারা যান। আহত জাকির ও জিকোকে ফেনী হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ছাত্ররা হাসপাতালে ভিড় জমান। একপর্যায়ে ছাত্ররা হাসপাতালে চিকিৎসকদের কর্তব্য কাজে অবহেলার অভিযোগ তুলে বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলা ও মারধর করেন। এতে দুই চিকিৎসক ও ছয়জন কর্মচারী আহত হন।পরে ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে হাসপাতাল চত্বর থেকে শুরু করে একাডেমি রোড, কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড এবং এসএসকে রোডে বিভিন্ন যানবাহন ভাঙচুর করে মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে ওঠেন।