ফেনীতে সর্বোচ্চ সাজা চারজনের, খালাস ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলার তৃতীয় রায়ে ফেনীর দাগনভূঞা উপজেলায় জায়লস্কর ১৯ রাইফেল ব্যাটালিয়নের ৫৭ জন জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তাঁদের মধ্যে সর্বোচ্চ সাজা পেয়েছেন চারজন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত পাঁচজনকে বেকসুর খালাস দেন। ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশের পাশাপাশি সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করেন। বিডিআরের নিজস্ব আইনে এ সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর থেকে এ সাজা বেসামরিক কারাগারে কার্যকর হবে। রায় প্রদানের সময় বেশ কয়েকজন আসামির চোখে পানি দেখা যায়।এর আগে ১২ ও ৭ এপ্রিল যথাক্রমে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দুটি পৃথক আদালতে বিডিআর বিদ্রোহের রায় ঘোষণা করা হয়। এতে ঠাকুরগাঁওয়ে ৫০ জনকে এবং পঞ্চগড়ে ২৯ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে বিদ্রোহের মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। আজ সোমবার সাতক্ষীরার নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে পুলিশ ও র‌্যাবের কড়া পাহারায় ফেনী কারাগার থেকে আসামিদের বিশেষ আদালতে আনা হয়। আদালতের কার্যক্রম শুরু হয় দুপুর একটা ৪৫ মিনিটে। প্রথমেই আদালতে মামলার ৬২ আসামির উপস্থিতি নিশ্চিত করা হয়। বিচার-প্রক্রিয়া নিয়ে বক্তব্য দেওয়ার পর আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আসামিদের সাজার আদেশ আলাদাভাবে পড়ে শোনান। রায় ঘোষণার আগে আদালতের সভাপতি বলেন, ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের ইতিহাসে এ দিনটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আইনে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য কমপক্ষে ২৭ দিন সময় দেওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে আরও বেশি সময় দেওয়া হয়েছে। আইনি সহায়তা দেওয়ার জন্য একজন বিডিআর কর্মকর্তা নিয়োগ করা হয়। শুরুতে আসামিদের পক্ষে দুজন বেসামরিক আইনজীবী ছিলেন। আদালতে দর্শনার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে বিচার-প্রক্রিয়া চলে। সাক্ষ্য-প্রমাণে ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ সংঘটিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রায় ঘোষণার পর সংবাদ ব্রিফিংয়ে সরকারি কৌঁসুলি ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ্ উদ্দিন জানান, তিনি আদালতের রায়ে সন্তুষ্ট।সর্বোচ্চ সাত বছর করে সাজা হয়েছে চারজনের। তাঁরা হলেন হাবিলদার মেজর মো. রুহুল আমিন, সিপাহি মো. মিজানুর রহমান, মো. বশির আহম্মদ ও মো. মহিউদ্দিন রনি।তিনজন চার বছর ছয় মাস করে সাজা পেয়েছেন। তাঁরা হলেন নায়েক এমরানুল হক ভূঁইয়া, মো. ওসমান হায়দার ও সিপাহি মো. আবু হানিফা। নায়েক মো. মোখলেছুর রহমানের সাজার মেয়াদ চার বছর তিন মাস। চার বছর করে সাজা হয়েছে দুজনের। তাঁরা হলেন হাবিলদার মো. ফিরোজ কবির ও সিপাহি নিহার রঞ্জন তঞ্চঙ্গ্যা। ছয়জনের তিন বছর করে সাজা হয়েছে। তাঁরা হলেন হাবিলদার মো. আবদুর রশিদ, সিপাহি মো. লোকমান হাকিম, চিং থোয়া ইউ মারমা, রঞ্জু রঞ্জন তালুকদার, মো. আবদুল কাদির ও নাজমুস সায়াদাত। আড়াই বছর করে সাজা হয়েছে ১৫ জনের। তাঁরা হলেন হাবিলদার খোরশেদ করিম, মো. ফজলুল হক, মো. এমদাদুল হক সরকার, ল্যান্স নায়েক স্বপন কুমার দাস, সিপাহি মো. আবদুল মোমেন, মো. সাইফুল আলম, মো. আমিনুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, মুহাম্মদ জাবেদ, মো. সুলতান দেওয়ান, মো. জুলফিকার আলী, রাশীষ চাকমা, মুহাম্মদ সফিউল আলম, মো. আবুল কাশেম ও মো. আবদুল্লাহ আল মামুন। নয়জনের দুই বছর করে সাজা হয়েছে। তাঁরা হলেন নায়েক সুবেদার ইয়াছিন আলী, আফাজ উদ্দিন, হাবিলদার মো. শাহ জামাল সরকার, সিপাহি সুদর্শন চাকমা, মোয়াজ্জেম হোসেন, কাজী মাহমুদুল আরেফিন, মো. মিজানুর রহমান, আনোয়ারুল আজিম ও শাহরিয়ার।এক বছর ছয় মাস করে সাজা হয়েছে চারজনের। তাঁরা হলেন নায়েক মাহবুবুর রহমান, মো. আত্তা ফারুক, সিপাহি মো. রফিকুল ইসলাম, মো. মোক্তার হোসেন। এক বছর করে সাজা হয়েছে পাঁচজনের। তাঁরা হলেন সুবেদার মেজর ফকির আবদুল জলিল, সিপাহি মো. সাইফুদ্দিন, মো. আবদুস সাত্তার, ইলেকট্রিশিয়ান মো. হাবিবুল হাসান ও আমিনুল হক। ছয় মাস করে সাজা হয়েছে দুজনের। তাঁরা হলেন সিপাহি সৈয়দ সাইদুর রহমান ও মো. বিলাস।চার মাস করে সাজা হয়েছে ছয়জনের। তাঁরা হলেন সিপাহি মিঠুন বড়ুয়া, মো. আল আমিন, মো. সফিকুল ইসলাম, মুহাম্মদ গোলজার হোসেন, মো. সোহেল রানা ও খায়রুল ইসলাম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাবিলদার মোহাম্মদ আলী, নায়েক দুলাল মিয়া, ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, সিপাহি কাজী সাইফুজ্জমান ও মো. ওমর ফারুক। গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর সমর্থনে ২৬ ফেব্রুয়ারি দাগনভূঞার ১৯ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার সুবেদার জালাল আহমেদ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।সাতক্ষীরায় রায় আজ আমাদের নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, নীলডুমুর ৭ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলার রায় আজ ঘোষণা করা হবে। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম এ রায় ঘোষণা করবেন। ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে আদালত বসবে। ৭ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় সুবেদার মেজর সারোয়ার জাহান গত ৫ ডিসেম্বর ঘটনায় ৬০ জওয়ানের বিরুদ্ধে মামলা করেন।