ফেনীতে সাংবাদিকের ওপর বিএনপি নেতার হামলা
ফেনীতে বিএনপির নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ওপর হামলা চালিয়েছে।গত বুধবার রাতে ফেনী প্রেসক্লাবের সামনে হামলায় গুরুতর আহত সাংবাদিক রফিককে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রফিক দৈনিক আমার দেশ ও বেসরকারি চ্যানেল বাংলাভিশনের জেলা প্রতিনিধি। এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকেরা ফেনী প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেন। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সাংবাদিক রফিকের ওপর হামলাকারী বিএনপির নেতা ফজলুর রহমান ওরফে বকুলকে গ্রেপ্তারের জন্য পুলিশ বুধবার রাতেই একাধিক স্থানে অভিযান চালায়। অভিযান অব্যাহত রয়েছে। ওসি বলেন, বকুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক চোরাচালানকারী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা, মাদক ব্যবসা, চোরাচালান ও মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। তিনি অতীতে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে রফিকুল ইসলাম শহরের ট্রাঙ্ক রোডে প্রেসক্লাবে অবস্থান করছিলেন। এ সময় বিএনপির ফেনী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল মুঠোফোনে রফিককে জরুরি কথা আছে বলে প্রেসক্লাব থেকে বের হতে বলেন। ক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রফিকের ওপর হামলা করেন বকুল। এ সময় তাঁর সঙ্গে থাকা জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া মজুমদারসহ ১০-১২ জন দুর্বৃত্ত রফিককে পেটাতে থাকে। একপর্যায়ে রফিক দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। সন্ত্রাসীরা তাঁকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় চিৎকার শুনে প্রেসক্লাবে থাকা সাংবাদিক ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেনী থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে হাজির হয়।হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রফিক প্রথম আলোকে বলেন, তিনি বিএনপির নেতা বকুলের বিরুদ্ধে বিভিন্ন সময় চোরাচালান, মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ বিভিন্ন বিষয়ে খবর প্রকাশ করেছেন। এর জের ধরে বকুল তাঁর ওপর হামলা করেছেন।এদিকে, রফিকের ওপর হামলার প্রতিবাদে গতকাল ফেনী প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেন স্থানীয় সাংবাদিকেরা। প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক নুরুল করিম মজুমদার, মীর হোসেন, আবদুর রহিম, বখতিয়ার ইসলাম, দিলদার হোসেন, কামাল উদ্দিন ভূঁঞা, এন এন জীবন, শেখ ফরিদ রতন প্রমুখ। পরে সাংবাদিকেরা জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান ও পুলিশ সুপার পরিতোষ ঘোষের সঙ্গে দেখা করে ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। অন্যথায় আগামী রোববার থেকে মানববন্ধন, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন সাংবাদিকেরা।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিক রফিকুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।রফিকুল ইসলামকে দেখতে বুধবার রাতে হাসপাতালে যান ফেনী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন খান। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি দলের কেন্দ্রীয় নেতাদের নজরে আনা হবে।ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান গতকাল রফিকুল ইসলামকে দেখতে যান এবং হামলার তীব্র নিন্দা জানান।