ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর দাসের পুল নামক স্থানে আজ মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। নিহত দুজন হলেন ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে মো. ইউনুছ (৩০) এবং একই গ্রামের ধনা মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩০)। তাঁরা দুজনই বালুভর্তি ট্রাকের শ্রমিক ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে ফেনী বাইপাস অংশের দাসের পুল নামক স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হয়। এদের মধ্যে ছয়জনকে ফেনী সদর হাসপাতালে এবং একজনকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ফেনী সদর হাসপাতালে ওই দুজন মারা যায়। আহতদের মধ্যে বেলাল হোসেন ও খোকনের অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) অচিন্ত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ট্রাক দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।