ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে ফেনী-নোয়াখালী সড়কে ট্রাকের চাকায় তাঁরা নিহত হন।ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, সাত মাস বয়সী শিশু সানজিদা সন্ধ্যায় খাট থেকে পড়ে ব্যথা পেলে তাঁর বাবা মো. রিপন (২৬) ও মা সাহেনা আক্তার (১৯) শিশুটিকে ফেনী শহরে চিকিত্সকের কাছে নিয়ে যান। রাত ১০টার দিকে শহর থেকে ফেরার পথে ফেনী-নোয়াখালী সড়কে পাঁচগাছিয়া বাজার এলাকায় মা সাহানা ও শিশু মোটরসাইকেল থেকে পড়ে যান। কিন্তু রিপন বুঝতেই পারেননি যে তাঁরা পড়ে গেছেন। এ সময় পেছন দিক থেকে আসা এক ট্রাকের চাকার নিচে পড়ে সাহানা ও শিশুটি ঘটনাস্থলেই নিহত হন। স্ত্রী ও একমাত্র মেয়েকে হারিয়ে রিপন বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশ মা ও শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠায় এবং ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।