ফেনীতে হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি হত্যা মামলায় আজ বৃহস্পতিবার ১৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। ফেনীর অতিরিক্ত জেলা জজ মুহম্মদ হারুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মাঈনউদ্দিন (২৩), মোজাম্মেল (২৬), দিদার (৩১), ফখরুল ইসলাম (৩২), জাহাঙ্গীর আলম (২১), আবুল কালাম (২৫), নবী (২৫), নয়ন (২৫), মীর হোসেন (২২), ইয়াছিন (২৩), হালিম (২৪), কামাল উদ্দিন (৩২), জানে আলম প্রকাশ জানা (২০), জয়নাল আবেদীন প্রকাশ মকবুল (১৯), রতন (২৩) ও হারুন (২৮)। এঁদের মধ্যে প্রথম ছয়জন কারাগারে থাকলেও অন্যরা পলাতক। তাঁদের বাড়ি একই এলাকার গজারিয়া, জায়লস্কর ও খুশিপুর গ্রামে। রায়ে বলা হয়, পলাতক আসামিরা যে দিন থেকে আদালতে আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ তাঁদের গ্রেপ্তার করবে—সে দিন থেকে সাজা কার্যকর হবে।আদালত সূত্র জানায়, ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া বাজারের মুদি দোকানদার নুর আলম স্থানীয় কয়েকজন যুবকের কাছে বকেয়া টাকা চান এবং বাকিতে মালামাল বিক্রি করতে রাজি হননি। তাই ২০০৪ সালের ১৩ এপ্রিল গভীর রাতে আসামিরা সংঘবদ্ধ হয়ে তাঁর দোকানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তেরা টিউবওয়েলের হাতল খুলে তাঁকে পেটায়। এমনকি দুর্বৃত্তদের কয়েকজন তাঁর হাত ও পা চেপে ধরে এবং অন্যরা বুকের ওপর লাফালাফি করে তাঁর মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় নুর আলমের বাবা হাবিব উল্লাহ বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়। কিন্তু মামলা চলাকালে রফিক উল্লাহ (৩০) নামের এক আসামি মারা যান। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দিজেন্দ্রকুমার কংশ বণিক।