ফেনীতে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ফেনীতে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ সুফিয়া বেগম। আজ সোমবার আসামিদের এ কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবদুল হাই ওরফে মিয়া এবং জাহাঙ্গীর আলম বর্তমানে কারাগারে আটক রয়েছেন। আর পলাতক চার আসামি হলেন—এরশাদ উল্লাহ ওরফে আজাদ, পিন্টু, মামুন ও করিমল হক। আদালত সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০২ সালের ২২ এপ্রিল দুপুরে সোনাগাজী উপজেলার সাহেবের হাট আলহাজ সফি উল্লাহ উচ্চবিদ্যালয়ের দপ্তরি ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী মাহবুবুল হককে সন্ত্রাসীরা বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে প্রকাশ্যে ধরে নিয়ে যায়। এরপর তারা বিদ্যালয় মাঠে শত শত শিক্ষার্থীর সামনে তাঁকে গুলি করে হত্যার পর লাশ সেখানে ফেলে চলে যায়। মাহবুবুল হক পার্শ্ববর্তী সফরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।ঘটনায় দিনই নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন খান ২০০২ সালের ১৯ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশবণিক।