ফেনীতে ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহ: আজ ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে
ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহী বিডিআর জওয়ানদের বিচারকাজ আবার শুরু হয়েছে। আজ রোববার জয়লস্করে স্থাপিত বিশেষ আদালত-৩-এ সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বিচার কার্যক্রমে মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সব মিলিয়ে এ আদালতে মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।বিডিআরের কৌঁসুলি, ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গাজী মো. সালাহউদ্দিন মোট ৩১ জন সাক্ষীর নাম দিলেও শেষ পর্যন্ত ২২ জনের সাক্ষ্য নেওয়া হলো। বাকি নয়জনের সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নেই বলে জানিয়েছেন কর্নেল সালাহউদ্দিন। এদিকে দুপুর পৌনে একটায় মধ্যাহ্ন বিরতির পর আদালতের কার্যক্রম আবার শুরু হয়েছে। এ সময় আসামিদের পক্ষে যদি কোনো সাফাই সাক্ষী থাকেন তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং আসামিরা আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য দিতে পারবেন। এরপর কৌঁসুলি তাঁর যুক্তিতর্ক তুলে ধরবেন।