ফেনীতে ৩০ গাড়ি ভাঙচুর, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আজ সোমবার ফেনী জেলা শহরসহ বিভিন্ন স্থানে অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। এতে যাত্রী ও পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর থেকে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পিকেটিং ও যানবাহন ভাঙচুর শুরু করেন। শহরের মহীপাল, এস এস কে রোড, ট্রাংক রোডসহ বিভিন্ন স্থানে ১৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক ভাঙচুর করা হয়। এ সময় শিবিরের কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে যাত্রী ও পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। আহত ব্যক্তিদের আশপাশের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ছাড়া ফাজিলপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং ফতেপুর স্টার লাইন ফিলিং স্টেশন ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ১২টি গাড়ি ভাঙচুর করা হয় এবং আগুন দেওয়া হয়। হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে সাতজনকে আটক করেছে পুলিশ।প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।