ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করের ১৯ রাইফেলস ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত ৬২ জন জওয়ানের বিরুদ্ধে গতকাল রোববার বিশেষ আদালত-৩-এ অভিযোগ গঠন করা হয়েছে। বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ৬২ জওয়ানের মধ্যে ৫৩ জন গতকাল আদালতের কাছে তাঁদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অবশিষ্ট নয় জওয়ান তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।বিডিআর সূত্র জানায়, আদালতের শুরুতে ৬২ জন আসামির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর আদালতের প্রসিকিউটর ও ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন প্রত্যেক আসামির নাম ধরে তাঁদের কার বিরুদ্ধে কী অভিযোগ গঠন করা হয়েছে তা পড়ে শোনান। এরপর আদালত ৬২ জন বিডিআরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পরবর্তী কার্যক্রম শুরু করেন। আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য নিজে অথবা বিভাগীয় কর্মকর্তা অথবা তাঁদের পক্ষে বেসরকারি আইনজীবী নিয়োগের সুযোগ থাকার কথা জানান। কিন্তু সবাই বিভাগীয় কর্মকর্তার ব্যাপারে আগ্রহ দেখান। আদালত আসামিদের কাছে তাঁরা দোষী নাকি নির্দোষ জানতে চান। একপর্যায়ে সবাইকে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ৬২ জনের মধ্যে প্রথমে ৪০ জন তাঁদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তখন ২২ জন তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন। এ পর্যায়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে এক ঘণ্টার জন্য আদালত মুলতবি করা হয় ।বেলা পৌনে দুইটায় আদালতের কার্যক্রম আবার চালু হলে মামলার বাদী ও ১ নম্বর সাক্ষী তাঁর বক্তব্য তুলে ধরেন। এ সময় আরও ১৩ জন আসামি তাঁদের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। এরপর আরও চারজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিকেল পাঁচটায় আদালত মুলতবি ঘোষণা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় আবার আদালতের কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়।আদালতের সভাপতি ছাড়া অন্য দুই সদস্য হলেন, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মো. আক্তারুজ্জমান ও মেজর মো. মাকসুদুল আলম। বিচার কার্যক্রমে সহযোগিতার জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ফরহাদ আহমদ উপস্থিত ছিলেন।