ফেনীর ডিসি ও ওসিকে প্রত্যাহার করতে ইসির চিঠি
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বার্থে ফেনীর জেলা প্রশাসককে (ডিসি) তাত্ক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ইসি ফেনীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই দায়িত্ব থেকে তাত্ক্ষণিক প্রত্যাহার করার ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন।আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে ইউপি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ কথা জানান।জনপ্রশাসন ও আইজিপি বরাবর পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব সৈয়দ মো. খুরশীদ আনোয়ার।নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিষয়টি ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষও নিশ্চিত করেছেন। ১৬ জুন ফেনীর সদর উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচন চলাকালে ব্যাপক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, বোমাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। ওই দিন মৌটবী ও ফাজিলপুর ইউনিয়নের নির্বাচন বাতিল করা হয়। কমিশন ভোট গ্রহণও বাতিল করে দেয়। ১৯ জুন একই উপজেলার ছয়টি ইউনিয়নের ভোট গ্রহণ অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়।পরে নির্বাচন বাতিল হওয়া দুই ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকেরা ১৬ জুন বিকেলে ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী রেলস্টেশন তিন ঘণ্টা অবরোধ করে রাখে।পরে ১৯ জুন বাতিল হওয়া দুটি ইউনিয়নের ভোট গণনা করে ফল প্রকাশ এবং স্থগিত হওয়া ছয়টি ইউনিয়নের নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আট ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকেরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করে।অন্যথায় আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যায় তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।