ফেনীর নির্বাচনও বর্জন করল বিএনপি
বুথ দখল, ব্যালট পেপার ছিনতাই ও প্রতিপক্ষের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগে বিএনপি ফেনী পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী ফারুক হারুন এবং বিএনপির অপর মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নুরুল আবসার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে পুরনায় নির্বাচন দাবি করেছেন।বিএনপি-সমর্থিত ওই দুই মেয়র প্রার্থী ও ভোটাররা অভিযোগ করেছেন, শহরের বেশ কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর লোকজন এজেন্টদের মারধর করে এবং জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এরপর ব্যালট পেপারে সিল মারে। শহরে ট্রাংক রোড ও পিটিআই স্কুল এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে। এর আগে সকাল ১০টার দিকে উত্তর বাড়াহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুটি ব্যালট বাক্স ছিনতাইয়ের পর সেখানে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।ফেনী জি এ একাডেমি বিদ্যালয়, ফেনী বালিকা বিদ্যানিকেতন, উত্তর সহদেবপুর এছহাকিয়া প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাউদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ জোর করে সিল মারার অভিযোগে ওই সব কেন্দ্রে কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ বন্ধ থাকে। উত্তর বাড়াহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা নিজামুল হক ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেছেন।অন্যদিকে সোনাগাজীতে বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা ব্যালট পেপারে জোর করে সিল মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোনাগাজী ৮ নম্বর ওয়ার্ডে সোনাগাজী প্রিক্যাডেট ইনস্টিটিউট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এন এম মনির উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ১৫৭ ব্যালটে সিল মেরেছে। পরে ওই সব ব্যালট বাতিল ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে সোনাগাজী সাবের মোহাম্মদ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৬৭টি ব্যালট ও এনায়েতউল্লাহ মহিলা কলেজ কেন্দ্রের ১৫০টি ব্যালট বাতিল করা হয়।