ফেব্রুয়ারি গেলেই ভাষাপ্রেম ভেসে যায়!
‘এই বচ্ছর ভাছা আন্দোলনের ছাট বছর হইলো না রে! আবে ওই হালার পো মাইনক্যা, কতা কস না ক্যালা? কি রে, তরে যা জিগাই জবাব দে!’—কয়েক দিন আগেই একটি কাজে পুরান ঢাকার নবাবপুরে গিয়েছিলাম। রাস্তা দিয়ে হাঁটার সময় পাশের হোটেল থেকে ঠিক এই কথাটি ভেসে এল কানে। মানিক নামের ছেলেটি ওই মহাজনের কথার কোনো জবাব দিয়েছিল কি না, জানি না। তবে আমার কানে সেই থেকে বেজে চলেছে, ‘এই বচ্ছর ভাছা আন্দোলনের ছাট বছর হইলো না রে!’আরেক দিন একটি অভিজাত খাবারের দোকানে ঢুকেছি। সেখানে সমানে উচ্চনিনাদে হিন্দি গান বাজছে। মিনিট পাঁচেক সহ্য করার পর এক ওয়েটারকে ডেকে বললাম, ‘ভাই, বাংলা গান বাজানো যায় না?’ সে বলল, ‘ম্যানেজারকে বলেন।’ আমি উঠে ম্যানেজারকে বলতেই সে রাগত স্বরে বলে উঠল, ‘এখানে বাংলা গান বাজানো নিষেধ। এখানে হিন্দির ডিমান্ড বেশি।’আমি জানি, আমাদের দেশে এই হিন্দি গানের, হিন্দি চ্যানেলের ও হিন্দি ছবির নায়িকাদের আদলে ড্রেসের ‘ডিমান্ড’ বেশি। এটা আমার মতো সবাই জানেন। আর কাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে এই ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গেছে, সেটাও আমাদের অজানা নয়। আমাদের অজানা শুধু একটাই—হিন্দির এই ঘেরাটোপ থেকে আমাদের মুক্তি মিলবে কী করে?প্রতিবছর শহীদ দিবস এলেই আমরা বাংলা ভাষার খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়ি। ফেব্রুয়ারি এলে মনে পড়ে, ‘বাংলা’ নামে আমাদের একটি ভাষা আছে, যা মাতৃভাষাও বটে। হাজার হোক, মায়ের মুখ থেকে তো এই ভাষাতেই প্রথম বোল শিখেছি। তাই আমরা ‘মাতৃভাষা’, ‘প্রাণের ভাষা’ ইত্যাদি শব্দ বা শব্দযুগলের বন্দনায় মেতে উঠি। আর ঠিক ফেব্রুয়ারি পেরোতে না পেরোতেই সব ঠন ঠন। ভাষার প্রতি সব ভালোবাসা ফুস করে উড়ে এমন দূরে চলে যায়, এক বছরেও তার দেখা পাওয়া যায় না। ভাষার প্রতি সব প্রেম যেন ভেসে যায়। এটাই এখন আমাদের জাতীয় স্বভাব। এই স্বভাব বদলে দেবে, সেই সাধ্য কার?আমাদের স্বভাব বদলাক আর না-বদলাক, তাতে বাংলা ভাষার সত্যিই কী কিছু এসে যায়? এই বাংলায় বাংলা ভাষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকতে পারেনি। সামরিক শাসকও নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আঁস্তাকুড়ে। আর কোথাকার কোন নাট্যকার জগাখিচুড়ি মার্কা বাংলা ভাষায় নাটক লিখে ফাটিয়ে দিল, কোনো নির্দেশক উদভ্রান্তের মতো সেই ভাষার পক্ষে সাফাই গাইল কিংবা কোনো গায়ক বাংলিশ উচ্চারণে গান গেয়ে তরুণীদের হূদয় হরণ করল—তাতে বাংলা ভাষার কী-ই বা আসে যায়?যারা নিজের ভাষাকে এভাবে অপমান করছে, তারা নিজেরাও জানে এর পরিণতি ভালো নয়। তাই লোক দেখানোর জন্য হলেও ফেব্রুয়ারি এলে অন্যদের মতো তারাও হয়ে ওঠে ভাষাপ্রেমী। প্রমিত বাংলা ভাষার দাবিতে উচ্চকণ্ঠে আওয়াজ তোলে। সরকারের কর্তাব্যক্তি থেকে শুরু করে সবাই বাংলা ভাষার জন্য দরদ দেখাতে শুরু করেন। তখন স্বীকার করতেই হয়, বাংলাদেশে বাংলা ভাষা বন্ধু-শূন্য নয়। তবে ব্যতিক্রমী বিষয়টি হলো, বাংলা ভাষার বন্ধুর সংখ্যা সমাজের উচ্চস্তরে কম। মধ্য ও নিম্নবিত্ত মানুষই এর প্রকৃত বন্ধু। তারা শুধু ভাষাটাকেই ধরে রাখেনি, বাংলা সনটাকেও বাঁচিয়ে রেখেছে। তাদের সব কাজকর্ম করে এই বাংলা সন ধরেই। কিন্তু উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েদের অবস্থাটা কি? তারা তো ইংরেজিটা শিখলেই সাত খুন মাফ। তার যোগ্যতা যাচাইয়ের একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়ায়, সে গড়গড় করে ইংরেজি বলতে পারছে কি না। এ ক্ষেত্রে হয়তো ইংরেজি শিক্ষকেরা সার্থক। তাহলে বাংলার শিক্ষকদের অবস্থাটা কি?বাংলার অধ্যাপক মাত্রই যে বিশুদ্ধ বাংলা লেখেন বা শেখান, তা বলব না। বাংলার শিক্ষকেরা সবাই ভালো বাংলা জানলে চারদিকে এত ভুল বাক্য আর বানানের ছড়াছড়ি দেখা যেত না।শিক্ষা নিয়ে বিশেষত ভাষা নিয়ে যাঁরা ভাবেন, তাঁরা নিশ্চয়ই এ বিষয়গুলো পর্যালোচনা করছেন। অধিকাংশ বিদ্যাপীঠে আজও সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে বাংলা পঠন-পাঠন। ‘ভাষা’ শব্দটি উচ্চারণ করতে গেলে দাঁত ভাঙার উপক্রম হয়, এমন শিক্ষকও বাংলা পড়ান। এ আমাদের ভাষার দীনতা নয়, আমাদের শিক্ষক নির্বাচকদের অযোগ্যতার ফল।দেশ যদি হয় মা, ভাষা তবে সেই মায়ের মুখেরই বোল। সেই ভাষার এত অবমাননা কি মেনে নেওয়া যায়?