ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের
আগামী ফেব্রুয়ারি মাস থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লোকবল নিয়োগসহ অন্যান্য প্রস্তুতি চলছে। ইতিমধ্যে জাতীয় সংসদ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন-২০১০ পাস হওয়ায় এ ইনস্টিটিউটের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে।এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সিরাজুল ইসলাম জানান, শিগগিরই ইনস্টিটিউটের একজন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হবে এবং তিনি এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।একজন চেয়ারম্যানের নেতৃত্বে ২১ সদস্যের একটি পরিচালনা বোর্ডের অধীনে ইনস্টিটিউটটি পরিচালিত হবে।মাতৃভাষার চর্চা, গবেষণা, উন্নয়ন ও সংরক্ষেণর লক্ষ্যে ২০০১ সালে রাজধানীর প্রাণকেন্দ্রে মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন। ১২তলার এই ভবনের প্রথম পর্যায়ে মোট ২১ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে তিনতলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর পল্টনের এক সমাবেশ থেকে তত্কালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন। সে অনুযায়ী তিনি ২০০১ সালের ১৫ মার্চ জাতিসংঘের তত্কালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে রাজধানীর শিল্পকলা একাডেমীর উত্তর পাশে ১ দশমিক শূন্য ৩ একর জমির ওপর এ ইনস্টিউিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। —বাসস