বড়দিন উপলক্ষে বৈশাখী টিভিতে আজ রাতে পুনঃপ্রচার হবে নাটক মুগ্ধ নীলিমার প্রান্ত। লিখেছেন শারমিন চৌধুরী, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ ছাড়া এটিএন বাংলায় দেখানো হবে লীলাবতী। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। দুটি নাটকেই অভিনয় করছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।আজ বড়দিন উপলক্ষে আপনার অভিনীত নাটক দেখানো হবে।সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। মুগ্ধ নীলিমার প্রান্ত নাটকটি কোরবানি ঈদেও দেখানো হয়েছিল। চমৎকার গল্প। এখানে আমার সঙ্গে অভিনয় করেছেন মিলন ও অপূর্ব। এখন কী করছেন?ভালোবাসা দিবস উপলক্ষে চয়নিকা চৌধুরী নাটক বানাচ্ছেন। নাম অনাকাঙ্খিত তুমি। এখানে আরেফিন শুভ আর আমি অভিনয় করছি। এর আগে আমি মোহন খানের একলা পাখিতে বিধবা চরিত্রে অভিনয় করছি। কিন্তু অনাকাঙ্ক্ষিত তুমি নাটকে আমার পুরো সাজটাই বিধবার। সাদা শাড়ি, কোনো মেকআপ নেই। ভালোবাসা দিবসের জন্য এবার আমি আর শুভ মেঘলা আকাশ নামে আরেকটি নাটকে কাজ করেছি।এনটিভির বছরের প্রথম নাটকেও নাকি আপনি অভিনয় করেছেন?হ্যাঁ, বিকেলের সোনা রোদ। নতুন বছরের দ্বিতীয় দিন নাটকটি এনটিভিতে দেখানো হবে। এখানে আমি, মিলন আর সারিকা অভিনয় করেছি। কাজটা হয়েছিল রাঙ্গামাটি রিসোর্টে। এটি কিন্তু কালিয়াকৈর এলাকায়। ‘লীলাবতী’ তো শিগগিরই শেষ হচ্ছে।জানুয়ারি মাসেই শেষ হবে। এই ধারাবাহিকে দুই লটে আমি টানা ২৩ দিন কাজ করেছি। গল্পের শেষ দিকে আমার মা ও ভাই মারা যায়। একটি হত্যার অভিযোগে বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। যাকে ভালোবেসেছিলাম, সেও জেলে—আমি কেমন যেন হয়ে যাই। পুরো গল্পটাই তো আমাকে ঘিরে। সত্যি বলতে, লীলাবতীর সঙ্গে আমি এতটাই মিশে গিয়েছিলাম যে কাজ শেষ হওয়ার পর চরিত্রটি থেকে বের হতে প্রায় সপ্তাহ তিনেক সময় লেগেছিল। পড়াশোনার খবর কী?আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্রী। জানুয়ারি মাসেই আমার স্নাতক কোর্স শেষ হচ্ছে। আশা করছি, ফেব্রুয়ারি মাসে চাকরিতে যোগ দেব।