ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে কমন জেন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারী ও পুরুষ আর তার মাঝে যে মানুষ, সে ও মানুষ’—এই স্লোগান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘কমন জেন্ডার’। ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে এক প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। এখানেই জানানো হয় আগামী ফেব্রুয়ারিতে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারে। অনুষ্ঠানে ছবিটির অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও সাংস্কৃতিক জগতের অনেকেই উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটির পরিচালক নোমান রবিন বলেন, ‘সমাজের সবার চোখে হেয় ও অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে মানুষ হিসেবে সম্মান প্রদান এবং তাঁদের মানবাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ছবিটি নির্মাণ করেছি। এ ছাড়া কমন জেন্ডার ছবিটিকে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উত্সবে দেখানোর সব ধরনের প্রস্তুতি চলছে। আশা করছি এটি দেখার পর সাধারণ মানুষের হিজড়াদের প্রতি মনোভাব পরিবর্তন হবে।’ কমন জেন্ডার চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন অন্তু করিম, সাজু খাদেম, সিন্ডি রাউলিং, জয়রাজ, তমালসহ আরও অনেকে অভিনয় করেন।