ফেব্রুয়ারির মধ্যে ভিওআইপি সনদ দেওয়া হবে
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসা আইনি কাঠামোতে এনে সনদ দেওয়া শুরু হবে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের জানান, ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি দিকনির্দেশনা তৈরি করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আশা করা যায় জানুয়ারির মধ্যে এটি মন্ত্রণালয়ের অনুমোদন পাবে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির মধ্যে ভিওআইপি ব্যবসার সনদ দেওয়া শুরু হবে। ইনু আরও জানান, পোস্টাল অ্যাক্ট সংশোধন করে দেশি-বিদেশি কুরিয়ার সার্ভিসকে আইনি কাঠামোয় আনা হলেও মন্ত্রণালয় এখন পর্যন্ত এ-সংক্রান্ত কোনো বিধি তৈরি করেনি। তবে এরই মধ্যে তারা একটি খসড়া বিধি তৈরি করেছে। এক মাসের মধ্যে এটিকে কার্যকর রূপ দেওয়া হবে। বিধিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সনদ দেওয়ার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠনের কথাও বলা আছে। ইনু জানান, মুঠোফোন কোম্পানিগুলোর অনুকূলে টু-জি সনদ নবায়ন করার জন্য বিটিআরসি থেকে একটি দিকনির্দেশনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিটি মুঠোফোন কোম্পানি ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই দিকনির্দেশনা চূড়ান্ত করার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বাংলাদেশ ২০১২ সালের মধ্যে ইন্টারনেট প্রটোকল ভার্সন-৬ (আইপিভি-৬) এর জগতে প্রবেশ করবে বলে কমিটির সভাপতি জানান। এ জন্য কমিটি বিটিআরসিকে দ্রুত একটি জাতীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছে। কেবল শিল্প সংস্থা খুলনা পরীক্ষামূলকভাবে অপটিক্যাল ফাইবার তৈরিতে সক্ষম হয়েছে বলে হাসানুল হক জানান। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ৬০ ভাগ চাহিদা পূরণে সক্ষম। অচিরেই বাংলাদেশে তৈরি এই অপটিক্যাল ফাইবার বাজারজাত করা হবে। ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু, হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, নজরুল ইসলাম বাবু ও মোয়াজ্জেম হোসেন। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।