ফেব্রুয়ারির মধ্যে সরকার যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করবে সরকার। সালাউদ্দিন কাদের চৌধুরীসহ আরও কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার জনগণের কাছে দেওয়া এই প্রতিশ্রুতি ত্বরান্বিত করেছে। দেশ ও বিদেশে আরও যারা যুদ্ধাপরাধী আছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। তদন্ত সাপেক্ষে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।সাহারা খাতুন আরও বলেন, যুদ্ধাপরাধের বিচারকাজ ব্যাহত করার জন্য একটি মহল তত্পর হয়ে উঠেছে। ইস্যুবিহীন হরতাল ডেকে তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালের মধ্যে একটি মধ্যআয়ের দেশে পরিণত করার লক্ষ্য ও জাতির জনকের আদর্শ থেকে এই সরকারকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিচ্যুত করা যাবে না। তা ছাড়া, জনগণকে সঙ্গে নিয়ে সরকার সব সমস্যার মোকাবিলা করবে বলেও জানিয়েছেন তিনি।এ সময় যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাস্মদ রেফায়েত উল্লাহ, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।