ফের আদালতে মোবারক
মিসরে সরকারবিরোধী বিক্ষোভের সময় হত্যা ও দুর্নীতির অভিযোগে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচারকাজ শুরু হয়েছে। এদিকে বিচারকাজ চলার সময় আদালত প্রাঙ্গণে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে।আজ সোমবার রাজধানী কায়রোর আদালতে মোবারককে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। তবে এ বিচারকাজ সরাসরি সম্প্রচার করা থেকে বিরত রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে।আইনজীবীরা বিচারক আহমেদ রিফাতের এ সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, এর ফলে সাক্ষীরা একে অন্যের দ্বারা বা জনগণের দ্বারা প্রভাবিত হতে পারবে না।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, মোবারককে একটি হেলিকপ্টারে করে আদালত নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে দুই ছেলে আলা ও গামাল এবং অন্য আসামিরাও ছিলেন।বিচার চলাকালে আদালতের বাইরে মোবারকের সমর্থকেরা, ‘তিনি আমাদের ৩০ বছর ধরে নিরাপত্তা দিয়েছেন। মোবারক তুমি তোমার মাথা উঁচু করে রাখো’ প্রভৃতি স্লোগান দেন।অন্যদিকে মোবারকবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করলে পুলিশও পাল্টা পাথর নিক্ষেপ করে। একটি পয়েন্ট থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।চলতি বছর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নানা কারণে গণবিক্ষোভ চলছে। এর মধ্যে হোসনি মোবারক প্রথম আরবনেতা, যিনি আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ালেন।নাইল ডেল্টা শহর থেকে কায়রোতে আসা মোহাম্মদ এহসান নামের এক ব্যক্তি বলেন, ‘তাঁকে (মোবারক) ফাঁসি দিতে হবে। আমরা আদালতের বিচারকাজে আর কোনো বিলম্ব চাই না।’মোবারকবিরোধী বিদ্রোহের সময় প্রায় ৮৫০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৬ জনের পক্ষের আইনজীবী গামাল ঈদ বলেন, ‘মোবারক এবং অন্যদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে হলে সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা চার পুলিশ কর্মকর্তার সাক্ষ্য শোনার অপেক্ষায় আছি।’ ঈদ আরও বলেন, জেনারেল হুসেইন সাঈদ মোহাম্মদ মৌরসি বিক্ষোভের সময় পুলিশ অপারেশনস রুমে কর্মরত ছিলেন। কিন্তু ওই সময় ওই কক্ষে কী ঘটেছিল, তিনি সেসব রেকর্ড মুছে দিয়েছেন।এর আগে এ মামলায় গত ৩ ও ১৫ আগস্ট শুনানি অনুষ্ঠিত হয়। ওই সময় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বিচারকাজে দেখা যায়, অন্য সব বিবাদী আদালতে দাঁড়িয়ে থাকলেও অসুস্থতার কারণে একটি স্ট্রেচারে শুয়ে ছিলেন মোবারক। তিনি ওই সময় পূর্বপরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ অস্বীকার করেন। ২৫ জানুয়ারি মোবারকের পদত্যাগের দাবিতে মিসরে বিক্ষোভ শুরু হয়।