ফের আদালতে ২৭তম বিসিএসের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ে বঞ্চিতদের নিয়োগে প্রধানমন্ত্রীর নির্দেশ ২১ দিনেও বাস্তবায়ন না করে আবার মামলায় যাচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ দিলে কোটা পদ্ধতি থাকবে না—এ যুক্তি দেখিয়ে আপিলে যাচ্ছে সংস্থাপন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোটায় নিয়োগ পেলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হয় সমন্বিত মেধাক্রম অনুযায়ী। অর্থাত্ মেধাক্রমের সঙ্গে কোটা থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। নথিপত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ ফেব্রুয়ারি বঞ্চিত এক হাজার ১১৪ জনকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগের জন্য সংস্থাপনসচিবকে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করতেও সংস্থাপন মন্ত্রণালয়কে অনুশাসন দেন। প্রধানমন্ত্রীর এই অনুশাসন বাস্তবায়নে সংস্থাপন মন্ত্রণালয় ২৭ ফেব্রুয়ারি একটি সারসংক্ষেপ তৈরি করে এবং ২৮ জানুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে সলিসিটরকে যে চিঠি দেয়, তা প্রত্যাহার করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করে। আইন মন্ত্রণালয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার প্রয়োজন নেই বলে মতামত দেয়।২০০৯ সালের ১১ নভেম্বর দেওয়া হাইকোর্ট ২৭তম বিসিএসে প্রথম পর্যায়ে সুপারিশকৃত এক হাজার ১১৪ জনকে নিয়োগ দেওয়া যায় মর্মে মত দেন। হাইকোর্ট প্রথম ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী তিন মাসের মধ্যে রিটকারীদের নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে হাইকোর্ট দ্বিতীয় পর্যায়ে নিয়োগও বহাল রাখেন। জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পিএসসিকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীকে বলেছেন, এ নিয়োগ দেওয়া হলে কোটা পদ্ধতি বহাল রাখা যাবে না। কারণ, তাঁদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে। এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, এ নিয়োগ দেওয়া হলে কোটা পদ্ধতি অব্যাহত রাখা যাবে না—এ যুক্তি ঠিক নয়। কারণ নিয়োগের ক্ষেত্রে কোটা মানা হলেও ফল প্রকাশ হয় মেধাক্রম অনুসারে। সুতরাং মেধাক্রমের সঙ্গে কোটা সাংঘর্ষিক নয়। প্রধানমন্ত্র্রীর আগের অনুশাসন ২১ দিনেও বাস্তবায়ন হয়নি। কিন্তু গতকাল সোমবার প্রধানমন্ত্রী আপিল করার অনুশাসন দিয়েছেন জানিয়ে হঠাত্ সংস্থাপন মন্ত্রণালয় দৌড়ঝাঁপ শুরু করে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তারা সলিসিটর ও আইন প্রতিমন্ত্রীর দপ্তরে ছুটে যান। কিন্তু আইনমন্ত্রীর পরামর্শ ছাড়া সলিসিটর আপিলে প্রথমে আপত্তি জানালেও পরে তিনি সম্মত হন বলে জানা যায়। উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারি মাসে ২৭তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রকাশ করা হয়। এ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছিল ২০০৫ সালে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত মেনে আবার মৌখিক পরীক্ষা নেয় পিএসসি। ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ সময় এক হাজার ১১৪ জন প্রার্থী বঞ্চিত হন। জেলা ও মুক্তিযোদ্ধা কোটা না মানায় অধিকাংশ প্রার্থী বঞ্চিত হয় বলে অভিযোগ উঠলে তত্ত্বাবধায়ক সরকার বঞ্চিতদের নিয়োগের উদ্যোগ নেয়। ইতিমধ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের ১৬ ফেব্রুয়ারি শিক্ষা এবং পাট ও বস্ত্রমন্ত্রী শহীদ মিনারে অনশনরত বঞ্চিতদের প্রধানমন্ত্রীর পক্ষে চাকরিতে বহাল করার আশ্বাস দিয়ে অনশন ভঙ্গ করান। এর পর এক বছরের বেশি সময় পার হয়েছে।