ফের নন্দিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিতা দাশ মা হয়েছেন সম্প্রতি। এ কারণে বেশ কিছুদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন। আবার নিজের পরিচিত ভুবনে ফিরছেন নন্দিতা। কাছাকাছি সময়ে দুটি ছবিতে অভিনয় করবেন—একটি তামিল এবং অন্যটি হিন্দি। আগামী মাস থেকেই শুরু হচ্ছে ছবি দুটির শুটিং। তামিল ছবিটি পরিচালনা করছেন সিনু রামস্বামী আর হিন্দি ছবি দেবাশীষ মাহিকজা। তামিল ছবির গল্প তামিলনাড়ুর ধীবরদের সমুদ্রে মাছ ধরার সংগ্রাম নিয়ে। মাছ ধরতে গিয়ে তারা কীভাবে শ্রীলঙ্কার রক্ষীবাহিনীর বন্দুকের নিশানা হচ্ছে, তা তুলে ধরা হয়েছে। হিন্দি ছবির গল্প মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর লড়াই এবং আদিবাসীদের বেঁচে থাকার কঠিন সংগ্রাম নিয়ে। নন্দিতা দাশ বলেন, ‘দুটি ছবিতেই আমি অভিনয় করব প্রধান চরিত্রে।’