ফের ভারতের সুমারে অতর্কিতে হামলা চালিয়েছিল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাবাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, ভারত-চীন সীমান্তে বিরোধপূর্ণ লাদাখ এলাকায় চীনা সেনারা অতর্কিতে হামলা চালিয়ে কিছু সেনা চৌকি ভাঙচুর করেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত এপ্রিল মাসের পর চীনা সেনারা গত জুনে আবারও লাদাখের সুমার এলাকার কয়েকটি চৌকিতে হামলা চালায় এবং বাংকারের পাশে পেতে রাখা ক্যামেরার সংযোগ তার নষ্ট করেছে।সেনা কর্তৃপক্ষ আজ জানিয়েছে, গত ১৭ জুন চীনের জনমুক্তি সেনারা (পিএলএ) সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে এ হামলা চালায়। তারা ভারতের সীমান্তরক্ষীদের বাংকারে ভাঙচুর শুরু করে এবং চীনের দিকে তাক করে রাখা ক্যামেরার সংযোগ তার নষ্ট করে।লাদাখের রাজধানী লেহ থেকে সুমারের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। এ এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরে চীন-ভারতের সংঘাত চলছে। এর আগে লাদাখের সুমার এলাকায় ভারতীয় সেনারা একটি পর্যবেক্ষণ চৌকি নির্মাণ শুরু করলে, তার জের ধরে প্রদেশটির দৌলত বেগ ওলদি সেক্টরে দুদেশের সেনাদের মধ্যে ২১ দিন ধরে উত্তেজনা চলে। ভারতীয় সেনারা নির্মীয়মাণ চৌকিটি ভেঙে ফেললে ১৫ এপ্রিল শুরু হওয়া উত্তেজনা ৫ মে তারিখে তখনকার মতো শেষ হয়।মার্চ মাসের পতাকা বৈঠকের সময় চীনের কর্মকর্তারা ওই পর্যবেক্ষণ চৌকিটি নিয়ে তাদের আপত্তির কথা ভারত কর্তৃপক্ষকে জানিয়েছিল।নির্মীয়মাণ চৌকিটি সরিয়ে ভারতের সেনারা চীনের সেনাদের পর্যবেক্ষণের জন্য ক্যামেরা বসিয়ে জনমুক্তি সেনাদের আরও চটিয়ে দিয়েছিল। লাদাখ প্রদেশের সুমার এলাকাটিকে ভারত ও চীন নিজেদের অংশ বলে দাবি করে আসছে। চীনা সেনারা প্রতিবছর নিয়মিতভাবে ওই এলাকায় হেলিকপ্টারে করে চক্কর দিয়ে নিজেদের দখলদারির প্রমাণ দেওয়ার চেষ্টা করে।ওই এলাকায় চীনের কোনো সেনা চৌকি বা ক্যাম্প না থাকলেও, ভারত ওই এলাকার ওপর দিয়ে চীন সীমান্ত পর্যন্ত একটি সড়ক তৈরি করেছে।