ফের যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত চীন ও ভারতের
চীন ও ভারত আবার যৌথ সামরিক মহড়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লিয়াং গুয়াংলির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের ভারত সফরের সময় ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা আজ মঙ্গলবার এ কথা জানান। চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লিয়াং গুয়াংলি আজ ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে বৈঠক করেন। তাঁরা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। রয়টার্সের এক খবরে আজ বলা হয়, ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক তত্পরতায় চীন যেমন উদ্বিগ্ন, তেমনি ভারতও সেখানে খনিজ সম্পদ আহরণের জন্য প্রভাব বিস্তারে আগ্রহী।লিয়াং এমন সময় ভারত সফরে এলেন, যখন বেইজিং দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশীদের সঙ্গে মনস্তাত্ত্বিক সংঘর্ষে লিপ্ত। তবে আশা করা হচ্ছে, সফরের মধ্য দিয়ে চীন-ভারতের সীমান্ত-সংক্রান্ত বিরোধ কিছুটা হলেও স্তিমিত হবে।আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে লিয়াং সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ, কৌশলগত ও সহযোগিতাপূর্ণ অংশীদারিত্ব এবং উদার বিনিময় নিশ্চিত করাসহ কয়েকটি খুব জরুরি বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছেছি।’ প্রায় ৫০ বছর আগে হিমালয় সীমান্তে চীন-ভারতের খণ্ডযুদ্ধের পর পারমাণবিক শক্তিধর দেশ দুটির সম্পর্ক শিথিল হয়ে যায়। কিন্তু গত দুই দশকে তাদের বাণিজ্যিক সম্পর্ক বেশ উষ্ণ হয়ে উঠেছে। সামরিক সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে, তবে তা নিষ্কণ্টক নয়। ২০০৭ সালের মধ্যে দুবার যৌথ সামরিক মহড়া চালানোর পর চার বছর আগে ভিসা-সংক্রান্ত বিতর্কের পর দেশ দুটির প্রায় ১০০ জন সামরিক কর্মকর্তার যৌথ মহড়া বাতিল হয়ে যায়।ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, সামরিক মহড়া ‘খুব দ্রুত’ শুরু হবে। তবে তিনি কোনো নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করেননি। গত জুনে চীন-ভারত যৌথ নৌমহড়া চালায়। তবে সে মহড়াকে তাদের নিয়মিত সামরিক মহড়ার অন্তর্ভুক্ত করা হয়নি। অ্যান্টনি আরও বলেন, লিয়াংয়ের বেইজিং সফরের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন।সপ্তাহব্যাপী দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ সফরের সময় লিয়াং ভারতের প্রতিবেশী দেশগুলোকে সামরিক সহযোগিতা দেওয়ার বিষয়ে ভারতকে আশ্বস্ত করেন। চীন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে যে দাবি তুলেছে ভারত, তা-ও অস্বীকার করেন লিয়াং।শান্তিপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে চলার দাবি করে আসছে চীন ও ভারত। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যপ্রবাহ সাড়ে সাত হাজার বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অথচ কয়েক বছর আগে তা ছিল মাত্র ৩০০ কোটি ডলার। কিছুদিন আগে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের দখলে থাকা একটি তেলক্ষেত্রে ভারত অনুসন্ধান চালাতে গেলে আপত্তি তোলে চীন। ওই সাগরের পুরো অধিকার দাবি করে চীন সেখানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে।