চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হামলার ঘটনায় দুই শিক্ষক আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে শহরতলির বালুছড়া এলাকায় বিশ্ববিদ্যালয়গামী চলন্ত বাসে অজ্ঞাত কয়েকজন যুবক অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। বাসটি চট্টগ্রাম শহর থেকে শিক্ষকদের নিয়ে ক্যাম্পাসে যাচ্ছিল।এর আগে গত মঙ্গলবার আন্দোলনকারী ছাত্রলীগ কর্মী-সমর্থকেরা নগরের ষোলশহর ২ নম্বর রেল গেট এলাকায় শিক্ষকদের একটি বাসে অগ্নিসংযোগ করেছিল। অবশ্য ওই ঘটনায় কেউ হতাহত হননি।ক্যাম্পাস সূত্র জানায়, আজকের হামলায় আহত শিক্ষকেরা হলেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ইসমাইল মিয়া। অধ্যাপক সালামতের মাথা ও ডান চোখের নিচে তিন টুকরো কাঁচ বিদ্ধ হয় এবং পিঠে ইটের আঘাত পান। আর অধ্যাপক ইসমাইলের বাঁ হাতের কব্জিতে কাচের টুকরো বিদ্ধ হয়েছে। রাস্তার দুই দিক থেকে চলন্ত গাড়িতে বৃষ্টির মতো ইট-পাথর নিক্ষেপের কারণে বাসের অন্তত ছয়টি জানালার কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয় বলে জানা গেছে।আহত অধ্যাপক সালামত ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘শহর থেকে আমরা বাসে চড়ে ক্যাম্পাসে যাচ্ছিলাম। বালুছড়া এলাকা পার হওয়ার সময় রাস্তার দুই দিক থেকে বাস লক্ষ্য করে যুবকেরা অতর্কিতভাবে ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এ সময় বাসের ছয়টি কাচের জানালা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কাচের টুকরো আমাদের শরীরে বিদ্ধ হলে আমরা দুই শিক্ষক আহত হই।’ তিনি আরও বলেন, হামলার সময় গাড়িতে তিনজন শিক্ষক ও পাঁচ-ছয়জন কর্মচারী ছিলেন।এদিকে ছাত্রলীগের অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজও অচল রয়েছে। ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেন গাড়িতে হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগকে বাদ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিছু করা সম্ভব নয়। উপাচার্যের পদত্যাগ—এই এক দফা দাবি আদায়ের জন্য আমরা আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।’