ফেরত পাঠানো হলো আরও ২৫ রোহিঙ্গাকে
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আজ বৃহস্পতিবার সকালে ২৫ জন রোহিঙ্গাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে সকাল সাড়ে আটটার দিকে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা এইচ কামরুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল থেকে ভারী বর্ষণের কারণে টহল কিছুটা বিঘ্নিত হচ্ছে। আজ ভোর পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকা দিয়ে নৌকায় করে অনুপ্রবেশের সময় ২৫ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। গত তিন দিনে ৭৬৮ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশের সময় আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে দাঙ্গার পর কয়েক দিন ধরে সমুদ্র পাড়ি দিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড তত্পর রয়েছে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গত মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। তবে নতুন করে রোহিঙ্গা শরণার্থী ঢুকতে দেওয়ার বিষয়টি আবারও নাকচ করেছে বাংলাদেশ।