ফেরি ও নাব্যতা সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে অচলাবস্থা
ফেরি ও নাব্যতা সংকটের কারণে আজ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দুই ঘাটে শত শত ট্রাক ও বাস আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আরিচার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা গেছে, সংস্থার ১২টি বড় ফেরির মধ্যে ফেরি শাহ আলী, শাহ পরান, শাহজালাল ও খানজাহান আলীতে বহুদিন ধরে বড় ধরনের মেরামত কাজ চলছে। এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছয়টি বড় ও দুটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে। এর মধ্যে একটি ছোট ফেরি বিকল হয়ে পড়ায় আজ বৃহস্পতিবার মাত্র সাতটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। এ ছাড়া গত কয়েক দিন ধরে পদ্মা ও যমুনা নদীতে দ্রুত পানি কমতে থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের পন্টুনগুলো বেশ খাড়া হয়ে গেছে। ফলে সেখান দিয়ে যানবাহন ওঠানামায় অনেক সময় লেগে যাচ্ছে। এ ছাড়া ফেরি সংকটের কারণে যানবাহন পারাপার বিঘ্নিত হচ্ছে।আজ দুপুরে পাটুরিয়া ঘাট এলাকায় টার্মিনাল ছেড়ে যানবাহনের লম্বা লাইন ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার দখল করেছিল। পারাপারের অপেক্ষায় ছিল প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক। দৌলতদিয়া ঘাটের অবস্থাও একই বলে বিআইডব্লিউটিসি সূত্র জানায়। বিআইডব্লিউটিসি আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ জানান, পন্টুনগুলো খাড়া হয়ে যাওয়ায় ফেরিতে যানবাহন লোড-আনলোডে সময় লাগছে এক ঘণ্টা বা তারও বেশি। অথচ পরিস্থিতি স্বাভাবিক থাকলে সময় লাগার কথা মাত্র ১০ থেকে ১৫ মিনিট। ফেরির স্বল্পতা ও পন্টুন খাড়া হয়ে যাওয়ায় ঘাটে আসা যানবাহনগুলো ঠিক সময়ে পারাপার করতে না পারায় দুই ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।