ফেরি বর্জন, বাসে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ
বাস মালিক ও শ্রমিকদের সংগঠন ছয় দফা দাবিতে ফেরি বর্জনের ঘোষণা দেওয়ায় ফেরিপথে বাসে করে দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলের ২১ জেলার বাস পারাপার আজ রোববার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।বাস মালিক ও শ্রমিকদের সংগঠন খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ ছয় দফা দাবিতে ফেরি বর্জনের ডাক দেয়। বিভিন্ন জেলার অভ্যন্তরীণ যানবাহন চলাচল করলেও সরাসরি ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে।এই ২১ জেলা হলো খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল ও চুয়াডাঙ্গা, ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং বরিশাল বিভাগের পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও ভোলা।সংগঠনের দাবিগুলো হলো দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহন পারাপারে যানজট নিরসন, ফেরিঘাটে যাত্রী ও শ্রমিকদের জানমালের নিরাপত্তা বিধান, যাত্রীবাহী বাস আগের মতো পারাপার, পুলিশের সহযোগিতায় অতিরিক্ত চাঁদাবাজি বন্ধ, পুলিশের দুর্ব্যবহার ও হয়রানি বন্ধ এবং হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা।রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবদুল কুদ্দুস খান প্রথম আলো ডটকমকে বলেন, দাবি না-মানা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।