মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দি-মাওয়া নৌরুটের কাওরাকান্দি ও মাওয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পদ্মাপাড়ের এই দুটি ঘাটে সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। নাব্যতা-সংকটের কারণে একটি চ্যানেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এবং তিনটি ফেরি বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার সকালে কাওরাকান্দি গিয়ে দেখা যায়, ঘাটের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী ভোগান্তির মুখে পড়েছে।বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির ঘাট সূত্র জানায়, নাব্যতা-সংকটের কারণে ৯ জুলাই থেকে কাওরাকান্দি-মাওয়া রুটের হাজরা চ্যানেল দিয়ে ফেরি পারাপার বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক পারাপার বিঘ্নিত হতে থাকে। তার ওপর গত মঙ্গলবার এ রুটের মোট ১১টি ফেরির মধ্যে কিশোরী, যশোর ও কাকলী নামের তিনটি ফেরি বিকল হয়ে যায়। বাকি আটটি ফেরি দিয়ে বর্তমানে যানবাহন পারাপার করা হচ্ছে। এ ছাড়া হাজরা চ্যানেল বন্ধ থাকায় বর্তমানে ফেরিগুলোকে মাওয়া-পালেরচর-মঙ্গলমাঝি চ্যানেল ব্যবহার করতে হচ্ছে। এতে প্রায় ১০ কিলোমিটার পথ বেশি ঘুরতে হচ্ছে এবং সময় ব্যয় হচ্ছে প্রায় আড়াই ঘণ্টা।বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়, বন্ধ হওয়া চ্যানেলটি চালু করতে একটি ড্রেজার ১৪ জুলাই ড্রেজিং শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ড্রেজিং চলছে ঢিমেতালে। এভাবে কাজ এগোলে কবে নাগাদ চ্যানেলটি চালু করা যাবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মাসুকুল হক বলেন, জোয়ারে তীব্র স্রোতের কারণে ড্রেজিং-কার্যক্রম ব্যাহত হচ্ছে। চ্যানেল চালু হতে আরও কয়েক দিন লাগবে।বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, আরও দ্রুততার সঙ্গে ড্রেজিং করা দরকার।