ফেরি বিকল, ঢাকা-বাঞ্ছারামপুর রুটে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সঙ্গে আজ বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বাঞ্ছারামপুর-আড়াইহাজার রুটে মেঘনা নদীতে থাকা একমাত্র ফেরিটি বিকল হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সিদ্ধিরগঞ্জ) সূত্রে জানা গেছে, নদী পারাপারে তিনটি ফেরি থাকলেও ২৮ অক্টোবর একটি ফেরি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বন্দর এলাকার লোকজনের পারাপারের জন্য নিয়ে যাওয়া হয়। অপর দুটি ফেরির মধ্যে একটির ইঞ্জিন নেই। আর অন্যটির ইঞ্জিন আজ সকাল ছয়টার দিকে বিকল হয়ে যায়।সরেজমিনে ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ঘাটের দুই পারে শতাধিক গাড়ি আটকা পড়ে আছে। তবে বিকল হওয়া ইঞ্জিনটির মেরামতের কাজ চলছে।বাঞ্ছারামপুর উপজেলার মাইক্রোবাস চালক মো. ফারুক হোসেন বলেন, ‘ঢাকা যাওনের লাইগা সকাল থেইকা তিন-চার ঘণ্টা বইয়া রইছি। ফেরি ঠিক অয়নাই, কখন ঠিক অইব কেই কইতে পারতাছে না, এখান থেইকা ঢাকা যাইতে অইলে অনেক দূর ঘুইরা যাইতে অইব।’মো. রুহুল মিয়া (৪৫) নামের এক যাত্রী বলেন, ‘এমন জানলে এদিক দিয়ে আসতাম না, আইসা যেন বিপদে পড়লাম।’নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো অনলাইনকে বলেন, নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া ফেরিটি নির্বাচনের পরপরই ফেরত দেওয়ার কথা থাকলে তা দেওয়া হয়নি। তবে অকেজো ফেরিটি মেরামতের কাজ চলছে। তবে শুধু একটি ফেরি দিয়ে একটি ঘাট নিয়ন্ত্রণ করা যায় না।