ফেরিগুলো কোরামিন দিয়ে ঠিক রাখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ফেরিগুলো কোরামিন দিয়ে ঠিক রাখা হচ্ছে। বয়স যখন অনেক হয় এবং কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তারা কোরামিন বা চিকিৎসা ছাড়া চলতে পারে না। ফেরিগুলোর অবস্থাও হয়েছে তা-ই।’আজ বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌমন্ত্রী। নৌমন্ত্রী বলেন, পাকিস্তান ও বঙ্গবন্ধুর আমলে আনা ফেরি দিয়ে এ দেশের নৌপথ সচল রাখা হচ্ছে। ঈদের আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৩টি ফেরি রাখা হয়েছে। ঈদের পরও কয়েক দিন এগুলো এখানে থাকবে। কেন আরও তিন-চার দিন আগে ফেরি বাড়ানো হলো না—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ফেরিগুলো মেরামতের জন্য ডক ইয়ার্ডে নেওয়া হয়েছিল। মেরামত শেষ হওয়ার পরই এই নৌপথে আনা হয়েছে। মেরামত শেষ না হলে কীভাবে আনা হবে?’ স্থানীয় প্রভাবশালী দালালদের জোরপূর্বক নির্ধারিত ভাড়ার চেয়ে পাঁচ-সাত শ টাকা বেশি নেওয়ার ব্যাপারে শাজাহান খান বলেন, ‘কেউ যদি গরুর গাড়ি থেকে টাকা নিয়ে থাকে, তার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সে যদি আমার দলের লোকও হয়, তাকেও ছাড় দেওয়া হবে না।’ এ সময় মন্ত্রী উপস্থিত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে মন্ত্রী মাওয়া-কাওরাকান্দি রুট পরিদর্শনের জন্য মাদারীপুরে চলে যান। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুজ্জোহা চৌধুরী, জেলা প্রশাসক সাহানা বারী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন প্রমুখ মন্ত্রীর সঙ্গে ছিলেন।