ফেরিতে জট কম, ঈদ শেষে ফিরছে মানুষ
ঈদের টানা কয়েক দিনের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে মানুষ রাজধানীতে ছুটতে শুরু করেছে। আজ বুধবার দুপুর থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে মানুষ বিভিন্ন যানবাহনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সকালের দিকে মানুষের তেমন উপস্থিতি না থাকলেও দুপুরের দিকে মানুষের ভিড় বাড়তে থাকে। তবে ঘাটে বাসের তুলনায় মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের বেশি ভিড় দেখা যায়।দুপুর পৌনে ১২টার দিকে ঘাটে গাড়ির জন্য অপেক্ষমাণ ফেরি শাহজালালে উঠে দেখা যায়, হাতে গোনা কয়েকটি বাস ছাড়া সবই প্রাইভেটকার ও মোটরসাইকেল রয়েছে। রাজবাড়ীর পাংশা থেকে মানিকগঞ্জের উদ্দেশে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তিনটি মোটরসাইকেলে রওনা হয়েছেন। এদের মধ্যে সিরাজুল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন, ‘ভাই আজ অফিস করতে হবে। ঈদের পরে প্রথম অফিস তো তেমন বেগ না থাকায় একটু দেরি করে হলেও অফিসে পৌঁছাতে হবে। তবে কাল থেকে পুরোদমে সবাইকে অফিস করতে হবে। আর এ কারণে সকালে খাওয়া শেষে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।’ এ সময় দুই নম্বর ফেরিঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের টার্মিনাল তত্ত্ব্বাবধায়ক শরিফুল ইসলাম বলেন, ‘সকাল থেকে নিয়মিত যে গাড়ি আসছে তা পার হচ্ছে। তবে বেলা ১১টার পর থেকে ঈদের ছুটি কাটিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষ রাজধানীতে ছুটতে শুরু করেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা রয়েছে অনেক। তবে দৌলতদিয়ায় এখনো বড় যানবাহনের খুব চাপ না থাকলেও অনেক মোটরসাইকেল ও প্রাইভেটকারের চাপ রয়েছে। একই সঙ্গে লঞ্চেও মানুষের ভিড় হতে শুরু করেছে।’