ফেরির ইঞ্জিন বিকল, দৌলতদিয়া-পাটুরিয়ায় যানজট
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট বরাবর সড়কে আজ শনিবার বিশাল যানজটে পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়েছে। ইঞ্জিনে ত্রুটির কারণে দুটি ফেরি বিকল হওয়ায় এবং নদীর পানি বেড়ে ঘাটের র্যাম ডুবে যাওয়ায় এই সমস্যা দেখা দেয়। বিআইডব্লিউটিসি ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বেড়েছে। এতে গতকাল শুক্রবার দৌলতদিয়ার দুটি ও পাটুরিয়া ঘাটের একটি ফেরিঘাট বন্ধ হয়ে যায়। রাতে পানি আরও বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাটের র্যাম পুরোপুরি তলিয়ে যায়। এতে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়।আজ সকাল ১০টার দিকে রোরো ফেরি শাহজালাল ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ফেরি দুটি বন্ধ রাখা হয়। একদিকে ঘাট বন্ধ, অপরদিকে ফেরির স্বল্পতার কারণে দৌলতদিয়ায় তিন কিলোমিটার যানজট লেগে আছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খন্দকার তানভীর হোসেন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, যানবাহন পারাপারে কিছুটা বেগ পোহাতে হচ্ছে।গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার পানি বেড়েছে।