ফেলনা থেকে শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেলনা জিনিসিও যে শিল্পের অনুষঙ্গ হতে পারে, এর প্রমাণ দিয়েছেন নেপালের একদল শিল্পী। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে বাতিল বলে ফেলে দেওয়া বিভিন্ন জিনিসের প্রায় টন দেড়েক স্তূপ জমে যায়। এসব জিনিস দিয়ে ৭৫টি ভাস্কর্য গড়েছেন ১৫ জন শিল্পী।এসব ভাস্কর্যের মধ্যে রয়েছে তিব্বতের চমরি গাই, বাতাসের দোলায় সুর তোলা যন্ত্র প্রভৃতি। পর্বতারোহীদের ফেলে আসা জিনিসপত্রের মধ্যে রয়েছে অক্সিজেনের খালি বোতল, গ্যাসের কৌটা, খাবারের ক্যান, ছেঁড়া তাঁবু, দড়ি, স্ক্রুযুক্ত লোহার দণ্ড, জুতা, প্লেট, অ্যালুমিনিয়ামের মই, প্লাস্টিকের ব্যাগ ইত্যাদি।২০১১ সালে শেরপা পর্বতারোহীরা এ আবর্জনা জোগাড় করেন। চলতি বছরের শুরুর দিকে কুলি ও প্রশিক্ষিত চমরি গাই দিয়ে তা নামিয়ে আনা হয়। ‘দ্য মিন্ড ট্রি’ নামের এই আর্ট গ্রুপের পরিচালক কৃপা রানা সাহি জানান, মাউন্ট এভারেস্ট পরিষ্কার রাখতে জনসচেতনতা বাড়াতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওই সব ভাস্কর্য দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কৃপা রানা বলেন, ‘এভারেস্ট পৃথিবীর মুকুটমণি। সেখানে জমা হওয়া আবর্জনা আমাদের এ অহংকারকে নষ্ট করে দিচ্ছে।’ ১৯৫৩ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার অভিযাত্রী এভারেস্টে আরোহণ করেছেন। এর মধ্যে কয়েকজন একাধিকবার আরোহণ করেছেন। প্রত্যেক পর্বতারোহীকে এভারেস্টশৃঙ্গে ওঠার আগে নেপাল সরকারের কাছে চার হাজার মার্কিন ডলার জামানত হিসেবে জমা রাখতে হয়। শৃঙ্গ থেকে নামার পর তাঁরা নিজেদের সৃষ্ট আবর্জনা নিচে নিয়ে এসেছেন—এমন প্রমাণ দেওয়ার পরই জামানতের টাকা ফেরত দেওয়া হয়। এর সঙ্গে জড়িত কর্মীরা জানান, এ ব্যাপারে সুচারুভাবে পর্যবেক্ষণ করা কঠিন। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা বলেন, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কীভাবে একটি প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায়, তা দেখে তাঁরা অভিভূত। সিদ্ধার্থ পোদাসানি নামের ললিতকলার একজন শিক্ষার্থী বলেন, যেকোনো কিছুই শৈল্পিকভাবে উপস্থাপনের মাধ্যমে কাজে লাগানো যায়। শিল্পকর্মে কোনো কিছুই ফেলনা নয়। কেউ চাইলে এ ভাস্কর্য কিনে নিতে পারবেন। এ অর্থ থেকে একটি অংশ শিল্পীদের, বাকি অংশ এভারেস্ট সামিটিয়ার্স অ্যাসোসিয়েশনকে দেওয়া হবে।